বিশেষ প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ের ৪৫ বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ আর সম্মান জানাতে ভোর ছয়টার কিছু পরেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিজয়ের দিবসের শুরুতেই ভোর ৬টা ৩৪ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর পক্ষ থেকে চৌকশ দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন।