দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদ্যাপিত হচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করতে আজ শনিবার (২৩ মে) ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
যদিও জাতীয় কবির জন্মবার্ষিকী আগামী ২৫ মে, ঈদুল আজহার ছুটি বিবেচনায় এবার অনুষ্ঠানসূচিতে আনা হয়েছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় শনিবার থেকেই শুরু হচ্ছে বর্ণাঢ্য নজরুলজয়ন্তী আয়োজন। সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নজরুল মঞ্চ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আলোকসজ্জা, তোরণ ও নান্দনিক সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে অনুষ্ঠানস্থল। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুলজয়ন্তী আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। জাতীয় সংসদে একাধিকবার ত্রিশালেই জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্যাপনের দাবি তোলার পর সরকার এবার ত্রিশালকে কেন্দ্র করে এই আয়োজনের সিদ্ধান্ত নেয়।
উৎসব উপলক্ষে সরকারি নজরুল একাডেমি মাঠ, দরিরামপুর, কাজীর শিমলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলছে সাজসজ্জার কাজ। রঙিন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো উপজেলা। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও চলছে ব্যাপক প্রস্তুতি। কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন শিল্পী, সাহিত্যিক ও শিক্ষার্থীরা।
নজরুলজয়ন্তীর উদ্বোধনের পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় তিনি সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর বিকেল ৩টায় ত্রিশাল নজরুল মঞ্চে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।