বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর এই আসনটি বিএনপির দখলে আসার পাশাপাশি এলাকার সন্তান মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ১২৯টি ভোটকেন্দ্রে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দুবারের সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলনা কামরুল ইসলাম খান ৪৬ হাজার ২৬৩ ভোট পেয়েছেন।
জহির উদ্দিন স্বপন ৪৯ হাজার ২৯৫ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এই জয়কে বরিশাল অঞ্চলে বিএনপির রাজনৈতিক পুনরুত্থানের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আশির দশকে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন।
পরবর্তীতে জহির উদ্দিন স্বপন ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বরিশাল-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরে ধানের শীষ প্রতীককে সমর্থন জানিয়ে সেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
পরবর্তী সময়ে দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং বর্তমানে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের আন্দোলনে স্বপনের অগ্রণী ভূমিকা ছিল। ফ্যাসিস্ট সরকার পতনসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে তিনি কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন।
এটি জহির উদ্দিন স্বপনের তৃতীয়বার সংসদে যাওয়া। এর আগে সংসদ সদস্য থাকাকালীন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে সরকারি স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার সরব উপস্থিতি রয়েছে। তিনি দুবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’-এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
জহির উদ্দিন স্বপন বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা এই নেতার হাতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আসায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার মানুষ।
স্থানীয়দের মতে, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা ও আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতা বরিশাল অঞ্চলের উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।