ছাতক প্রতিনিধিঃ ছাতকে চোরাই গরু, পিকআপসহ মনর আলী (৩৫) নামের এক গরু চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া এলাকা থেকে গরু ও পিকআপসহ তাকে আটক করা হয়। মনর আলী উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝামক গ্রামের মৃত আছলম আলীর পুত্র নাজমুল হকের গোয়ালঘর থেকে ৬টি গরু পিকআপ (নং- ঢাকা ন-১৫-৩৯১৯) যোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় লক্ষমসোম-কচুরগাঁও সড়কে জাউয়া তদন্ত কেন্দ্রের টহল পুলিশ ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া এলাকায় পিকআপ ফেলে গাড়ি চালক ও চোরেরা পালিয়ে যাওয়ার সময় মনর আলী পুলিশের হাতে আটক হয়।
পরে পিকআপসহ গরু জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



