চীনকে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নের অংশীদার বলে উল্লেখ করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোন এবং ইপিজেডে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, চায়না এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বপ্নের বাংলাদেশ গড়তে চীন বাংলাদেশের পাশে থাকবেন বলে বাংলাদেশ আশা করে। সবদিক বিবেচনা করে বাংলাদেশে চীন বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে।
মন্ত্রী আজ চায়না এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত ঢাকার একটি হোটেলে এসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক চীনের বাজারে রপ্তানি বাড়ছে। চীন সরকার তৈরি পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে রপ্তানি বাড়বে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা অনেকটাই বেড়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহীম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাহ উদ্দিন, চায়না এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ এর প্রেসিডেন্ট লিন উয়েকিং।