চাঁপা আর্তনাদে ভেসে যাচ্ছে উন্নয়ন -ববি হাজ্জাজ

তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা, বড়পুকুরিয়া কয়লা খনি, রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র, নিউরোসায়েন্স হাসপাতাল সহ সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দূর্ণীতি বন্ধ এবং দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ ১৩ জুলাই, ২০১৯ইং, রোজঃ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় রাজধানীর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে এক প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “ আমাদের দেশে নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক চিত্র ভয়াবহ। আমরা প্রায় ২০ বছর আগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের এক নেতার বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের শতক পূর্তির মত বিকৃত উৎসব দেখেছিলাম। এইবছর জুন মাস পর্যন্ত প্রায় ৪০০টি কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে, মারা গেছে ১৬ জন। নাটক, সিনেমা, টিভি বিজ্ঞাপন, ভাষ্কর্যে অবাধ যৌনতা ছড়িয়ে দেয়া হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রধানের মুখ থেকেও আজ শুনছি ইন্টারনেটের অপব্যবহারের কারণে আজ শিশুরা যৌন নির্যাতনের মুখোমুখি হচ্ছে। তাহলে ডিজিটাল বাংলাদেশ করে আমরা আজ এক নিরাপত্তাহীন সমাজ উপহার পেয়েছি। ভাবা যায় না, এক কেজি গরুর মাংস প্রায় ৬০০ টাকা যেখানে ধানের দাম মণ প্রতি গড়ে মাত্র ৪০০ টাকা। কোথায় যাবে সাধারণ মানুষ? সুশাসন না থাকলে, জবাবদিহিতা না থাকলে, সংসদে এবং রাজপথে কার্যকর বিরোধী শক্তি না থাকলে সমাজের সর্বস্তরে ত্রাসের রাজত্ব কায়েম হয়। আমরা রুপপুর পারমানবিক কেন্দ্রে বালিশ দূর্ণীতির কথা শুনেছি। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ২০১৮-১৯ অর্থবছরে ২০০টি পণ্য কেনা হয়েছে বাজার মূল্য থেকে প্রায় ২০ থেকে ৫০ গুন বেশী দামে। আমাদের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে দূর্নীতির বিচার না হওয়া, দেশ থেকে অবৈধভাবে বিপুল অংকের মুদ্রা পাচারের ঘটনা, সারাদেশে অবৈধভাবে সরকারী খাসজমি, নদী ও জলাশয় দখল, মানব পাচার, রেল যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, সীমান্তে ও মহাসড়কে চাঁদাবাজি, খাদ্যপণ্যে ভেজাল আমাদের হতাশ করেছে। টিআইবির রিপোর্ট অনুসারে রাজনৈতিক সদিচ্ছার অভাবে বেতন বাড়লেও জনপ্রশাসনে শুদ্ধাচার চর্চা সঠিকভাবে হচ্ছে না। এসব কারণে জনগণের মধ্যে চাঁপা আর্তনাদ, যাতে ভেসে যাচ্ছে সকল উন্নয়ন”।

এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, মোঃ সুমন, দিদার আলম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।