চট্টগ্রামে বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ শুরু

চৈতী সেন, চট্টগ্রামঃ চট্টগ্রামে বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার নগরের আন্দরকিল্লা, কেসিদে রোড, বকসিরহাট ও সিনেমাপ্লেস এলাকায় অভিযান চালানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান শুরু হলো।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

চসিকের গণমাধ্যম কর্মকর্তা আবদুর রহিম দি নিউজকে বলেন, ‘মঙ্গলবার নগরীর আন্দরকিল্লা, কেসিদে রোড, বকসিরহাট ও সিনেমাপ্লেস এলাকায় বাংলা ছাড়া যে সব প্রতিষ্ঠান সম্পূর্ণ বিদেশি ভাষায় সাইনবোর্ড স্থাপন করেছে সেসব প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ অথবা কালি লাগিয়ে মুছে দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ সপ্তাহের মধ্যে সাইনবোর্ড বাংলায় স্থাপন করার নির্দেশনা দেয়া হয়েছে।’

অভিযানকালে চসিকের সংশিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সহায়তা করেন।

এ বছরের শুরুতে চসিকের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ইত্যাদি ছাড়া) নামফলক, সাইনবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা স্ব-উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের মধ্যে বাংলায় লেখার পাশাপাশি বাংলার চেয়ে বিদেশি ভাষাকে আকারে ছোট করে লিখে প্রতিস্থাপন করা এবং ব্যাবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইাসেন্সও বাংলায় নতুন/নবায়ন করার জন্য সকলকে জানানো হয়।

প্রসঙ্গত, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি চসিক এলাকায় নিশ্চিত করার দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।