একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে এখন পর্যন্ত কোনও শঙ্কা বা হুমুকি নেই। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ পরিবারের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কমিশনার আরও বলেন, মামলার রায় নিয়ে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, কঠোরভাবে দমন করা হবে। রায় নিয়ে কোনও ধরণের নাশকতা যেন না ঘটে, সেজন্য প্রত্যেক জেলা ও মহানগর পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থায় আছে। আদালত, আদালতের আশপাশ ও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। রায় ঘোষণার দিন, আদালতের চারপাশের সড়কে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, আমরা প্রস্তুত রয়েছি। যদি কোনও স্বার্থান্বেষী মহল জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে সম্পদ জ্বালাও পোড়াও করার অপচেষ্টা করে, তবে কঠোরভাবে তাদের দমন করারও পূর্ব প্রস্তুতি রয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা কোনও পলিটিকস করি না, কিন্তু জনগণের জান-মাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কেউ নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি বলেন, বিদেশিদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুলিশ সদস্যরা দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হতে দেয়নি।



