আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে উদ্বেগ বাড়ছে। জেলার ৩টি সংসদীয় আসনে ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৭টিকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোটের দিন এসব কেন্দ্রে সহিংসতার আশঙ্কায় শঙ্কিত ভোটাররা বাড়তি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
গোপালগঞ্জ জেলায় এক নম্বর আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৩৮টি, দুই নম্বরে ১৫১টি এবং তিন নম্বরে ১০৮টি। সব মিলিয়ে প্রায় অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠা আরও বেড়েছে।
স্বাধীনতার পরবর্তী সময়ে অতীতের নির্বাচনে বড় ধরনের সহিংসতার ঘটনা না ঘটলেও, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এখানকার ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করাই নির্বাচন কমিশনের জন্য এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।