স্টাফ রিপোর্টার: মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘তিনি (মাহফুজ আনাম) অবশ্যই জ্ঞানী এবং প্রাজ্ঞ ব্যক্তি। উনি ইচ্ছা করলেই যেকোনো খবর ছাপার পরে তার দায় এড়াতে পারেন না।’
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
হানিফ বলেন, ‘মাহফুজ আনাম এত অজ্ঞ ব্যক্তি নন যে, যারা তাঁকে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিফ্রকেসে তিন কোটি টাকা নেওয়ার অসত্য তথ্য দিয়েছিল। এটা উনি কেন সাধারণ মানুষও বোঝে ব্রিফকেসে তিনি কোটি টাকা নেওয়া যায় না। কিন্তু সেই খবর পরিবেশন করার সময় তিনি কোনো সূত্র উল্লেখ করেন নি ।’
‘এই খবর পরিবেশনের কারণে কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাকে জেলে যেতে হয়েছিল। এক্ষেত্রে মাহফুজ আনাম ষড়যন্ত্রের অংশ হিসেবেই খবরটি পরিবেশন করেছিলেন। তিনি শুধু কারও ছাপিয়ে দেওয়া সংবাদ পরিবেশন করেই ক্ষান্ত হননি। উনি তার বিরুদ্ধে বিষোদগার করে অনেক সম্পাদকীয় লিখেছিলেন। সেইগুলোর ক্ষেত্রে তাহলে উনি কী জবাব দেবেন?’
তিনি আরো বলেন, ‘এরা এক/এগারোর সময় সুপরিল্পিতভাবে একটি অশুভ মহলের সাথে আঁতাত করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে উৎখাত করার একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই ছিল ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ। সেই মাহফুজ আনামের বিরুদ্ধে যখন মামলা হয়, তখন আমাদের সুশীল সমাজের ব্যক্তিরা তার পক্ষে সাফাই গাইছেন। আবার তারা বলছেন গণমাধ্যমের ওপর নাকি আঘাত করছে সরকার। এই ধরনের বক্তব্য দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। যে সকল সুশীল সমাজের ব্যক্তিরা এ ধরনের কথা বলছেন তাদের কাছে আমার জ্ঞিজাসা, উনি স্বপ্রণোদিত হয়ে ভুল স্বীকার করেন নি। কথার পিঠে উনার কথা বেরিয়ে এসেছে। আর এতগুলো সম্পাদকীয় লিখেছেন। সেগুলো থেকে দায়মুক্তির সুযোগ নেই। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল করতে না পারে এজন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
‘কারণ জাতি মনে করে, এই মাহফুজ আনাম সাহেবরা রাজনীতিবিদদের চরিত্র হরণ করে এদেশ থেকে গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ষড়যন্ত্রে অংশ নিতে না পারেন।’
হানিফ বলেন, গত কয়েকদিন আগে দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক কর্মীসভায় বলেছেন, ওনারা নাকি খুব কষ্টে আছেন? দেশের মানুষ নাকি কষ্টে আছেন। শান্তিতে নেই। অশান্তিতে আছে। ‘আমি এটা শুনে খুব অবাক হলাম। অনেক ভেবে কষ্টের কারণগুলো কি খুঁজে বের করার চেষ্টা করলাম। এটি ভাবতে ভাবতে আমার দুটি রাতই নির্ঘুম কেটে গেছে। তবে কষ্টের কারণগুলো খুব একটা খুঁজে পাওয়া যায় নি। তারপরও দুই একটি খুঁজে পাওয়া গেছে।’
হানিফ বলেন, যেখানে দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ঠিক এ সময় দেশের মানুষ কষ্টে আছে কথাটি অবিশ্বাস্য বলে মনে হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন, অর্জন ও পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যে বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতু নির্মাণে ঋণ সুবিধা প্রদান করে নাই। যারা দুর্নীতির অভিযোগ করেছিল। সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পেরুতে দ্রুত উন্নয়নশীল দেশের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশকে ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেছেন। আজকে যখন পদ্মা সেতু দেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে তখন বেগম জিয়ার মনে কষ্টটা একটু বেশীই হচ্ছে। কারণ উনি কয়েকদিন আগেও বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আর কোনদিন হবে না।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়া বলেছেন উনার শান্তি নেই। আসলেই উনার শান্তি নেই। কারণ উনার শান্তি তো এখানে হওয়ার কথা নয়। ওনার শান্তি হওয়ার কথা তার পেয়ারে পাকিস্তানে।’