পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে ১৮”শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে (৩০ জুলাই) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর উদ্যোগে পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়,মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন ও তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮শত শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন।
এ সময় পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের পরিচালক মো. মাহামুদুন্নবী, যুগ্মপরিচালক মোহাম্মদ তোজাম্মেল হকসহ একাডেমির কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সবুজ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মানে বৃক্ষরোপন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহার অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপনের আওতায় “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ প্রোগ্রামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আরডিএ, গোপালগঞ্জ বিগত ২৭জুন, ২০২৬ খ্রি. তারিখে আরডিএ ল্যাবরেটরি স্কুল ও পার্শ্ববর্তী এলাকার ১ টি স্কুলের ২২০০ জন শিক্ষার্থীর মধ্যে উক্ত কর্মসূচির আওতায় ফলদ ও গাছের চারা বিতরণ করেছে প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই দফায় ১৩ টি স্কুলের ৪০০০ জন শিক্ষার্থীর মধ্যে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসাবে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
পরবর্তীতে ৪০০০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণকৃত গাছের চারার গ্রোথ মনিটরিং ও অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে এবং সরকারের উদ্যোগকে প্রশংসনীয় ও ফলপ্রসূ বলে মনে করছে।