নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষায় কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও উৎপাদন ঘাটতির কারণে দেশের বাজারে অনেক সময় কাঁচা মরিচ ও টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে বাড়তি আর্থিক চাপের মুখে পড়েন ভোক্তারা।
জনস্বার্থে এসব পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আরও পড়ুনঃ বাংলাদেশি জাতীয়তাবাদই বাংলাদেশের মানুষের ঐক্যের ভিত্তি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী
প্রস্তাব অনুযায়ী, কাঁচা মরিচের HS Code 0709.60.19 এবং টমেটোর HS Code 0702.00.19-এর ক্ষেত্রে বিদ্যমান মোট করভার ৬১ শতাংশ থেকে কমিয়ে প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরবর্তী মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপন জারির পর নির্ধারিত সময়ের জন্য এই কমানো শুল্ক-কর কার্যকর থাকবে। সরকারের প্রত্যাশা, আমদানি ব্যয় কমলে বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ বাড়বে এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে।
আরও পড়ুনঃ বর্ষার আগেই উন্নয়ন কাজ শেষ করতে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার বৃহত্তর নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




