বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত আইনে র্যাবের পরিবর্তে পুলিশের কাঠামোর মধ্যে নতুন এই বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
খসড়া আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, নাগরিকদের অভিযোগ এবং SRB সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটের কার্যক্রম নিয়ে নাগরিকদের অভিযোগ এবং সদস্যদের অভ্যন্তরীণ বিষয় নির্দিষ্ট প্রক্রিয়ায় নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।
এ ছাড়া বিদ্যমান র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ নতুন Special Response Battalion (SRB)-এর কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও প্রস্তাবিত আইনে রাখা হয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে র্যাবের বর্তমান কাঠামোর পরিবর্তে পুলিশের আওতায় নতুন নামে একটি বিশেষায়িত বাহিনী কার্যক্রম পরিচালনা করবে।





