প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সম্মুখসারির যোদ্ধা- চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত লড়তে হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি নিয়েই। প্রায় প্রতিদিনেই তাদের মৃত্যুর খবর শুনতে হচ্ছে। চট্টগ্রামে ডা. শহিদুল আনোয়ার নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর) এ তথ্য জানিয়েছে।
বুধবার ১১টা ৫০ মিনিটে মারা যান রাজধানীর আল-মানার হাসপাতালের পরিচালক, ডায়াবেটিস স্পেশালিস্ট ডা. মো. সাইফুল ইসলাম।
জানা গেছে, ডা. মো. সাইফুল ইসলাম কয়েকদিন আগেই করোনা টেস্টে পজিটিভ হওয়ার পরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।
বুধবার (২৪ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. শহিদুল আনোয়ার মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ফুসফুস এবং হার্টের জটিলতায় ভুগছিলেন।
তিনি বলেন, বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুসের বেশ ক্ষতি হয়।
‘ডা. শহিদুল আনোয়ার আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।’
এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।’