স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা’র বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কক্ষে এসে হায়াকাওয়া ইউহো এবং অন্য সদস্যরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হায়াকাওয়া ইউহো জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে । তিনি বলেন, বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পর্যটন-সহ সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই জাপান সরকার এবং জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মোঃ তাজুল ইসলাম। বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দেশের সার্বিক পরিবেশ ইতিবাচক থাকায় বিনিয়োগে তার সরকার আগ্রহী বলেও মন্ত্রীকে জানান জাইকা প্রতিনিধি।
সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।