নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফর ঘিরে দক্ষিণ চট্টগ্রামের পথে পথে দলটির শোডাউনের এক সপ্তাহের মাথায় পাল্টা শোডাউন করল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গতকাল আনোয়ারায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভা শেষে কক্সবাজার যান।এ সময় চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়ায় কয়েকটি পথসভায় বক্তব্য দেন তিনি। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে এসব পথসভায় হাজির হন। ভিড় ছিল উত্সুক জনতারও। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথসভাগুলো রূপ নেয় জনসমুদ্রে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ চট্টগ্রামে আওয়ামী লীগের অতীতের যেকোনো সমাবেশের তুলনায় কয়েক গুণ বেশি জনসমাগম হয়েছে শনিবারের পথসভাগুলোতে। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
ব্যাপক লোকসমাগম দেখে ওবায়দুল কাদের বলেন, ‘কথা ছিল পথসভার। এখন দেখছি জনসমুদ্র হয়ে গেছে। ’ দলাদলিতে জড়িত দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘরের ভেতর ঘর বাঁধবেন না।মশারির ভেতর মশারি টাঙাবেন না। তলে তলে যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই। দলে থেকে যারা আওয়ামী লীগের ক্ষতি করছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এদের বিরুদ্ধে দল অতি শিগগিরই ব্যবস্থা নেবে। ’
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘পথসভাগুলো দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। ’সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। ’সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, এটা এক ধরনের শোডাউন। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘অতীতের ভুল বোঝাবুঝি বাদ দিয়ে সম্মিলিত প্রচেষ্টার ফলে পথসভায় এত জনসমাগম হয়েছে। ’
চকরিয়া : শনিবার রাতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের পথসভায় মানুষের ঢল নামে। পৌরসভার শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল মাঠে বিকেল চারটার দিকে ওই পথসভা হওয়ার কথা থাকলেও সভার প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসে পৌঁছান রাত সাড়ে আটটার পর।এদিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলমের সঙ্গে বিরোধ থাকা দলের একটি পক্ষ পৃথকভাবে পথসভার আয়োজন করে হারবাং ইনানী রিসোর্ট মাঠে। সেখানে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বক্তব্য দেন। পরে তাঁরা ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে চিরিঙ্গায় বাস টার্মিনাল মাঠের সভায় উপস্থিত হন।জাফর আলম জানান, ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে পথসভা সফল করতে গত চারদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, ‘বাস টার্মিনাল মাঠের পথসভা জনসমুদ্রে রূপ নেয়। ’





