স্টাফ রিপোর্টার: ইনু বলেছেন, ‘বিএনপি এখন ইতিহাসের ভাগাড়। সেই ভাগাড়ের কেয়ারটেকার খালেদা জিয়া। দেশকে জঞ্জাল মুক্ত করতে হবে। এজন্য খালেদা জিয়াকে আইনের মুখোমুখি করতে হবে।’
জাতীয় সংসদে রোববার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে খালেদা জিয়া রক্তাক্ত ক্ষত-বিক্ষত করে রেখে গিয়েছিল। মইনুদ্দিন-ফখরুদ্দিনরা ক্ষত-বিক্ষত বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উদ্ধার করে উন্নয়ন করে চলছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া প্রথম দিন থেকেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল। সংসদে অনুপস্থিতি, বিডিআর বিদ্রোহের উস্কানি, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা, এসবই বাংলাদেশকে ধাক্কা দিয়ে গণতন্ত্রের বাইরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র ‘
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি অপরাধ করেন, অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, নাশকতা করেন, তাহলে কি উনি আইনের ঊর্ধ্বে থাকবেন? বিএনপি পাকিস্তানপন্থী, জঙ্গি উৎপাদনের কারখানা। এই দল কখনো গণতন্ত্রের জন্য উপযোগী হতে পারে না।’
মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন চলছে, আইনের শাসনে সবাই সমান। খালেদা জিয়া অপরাধ করলে তিনি আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না।
তিনি বলেন, খালেদা জিয়া পরাজিত হয়েছেন, কিন্তু এখনো ষড়যন্ত্রের হাল ছাড়েননি। তিনি ভোল পাল্টে ষড়যন্ত্রের চেষ্টা করছেন। তবে দেশের মানুষ বুঝে গেছে খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী না। বাংলাদেশে গণতন্ত্রের জন্য বিপদ আছে, কিন্তু গণতন্ত্রের জন্য কোনো ঘাটতি নেই।
তথ্যমন্ত্রী বলেন, গত ৭ বছরে যে নির্বাচনগুলো হয়েছে মাঝে মাঝে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, মাঝে মাঝে বর্জন করেছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে গণতন্ত্র থাকবে, আর বর্জন করলে গণতন্ত্র থাকবে না- এটা মাপকাঠি হতে পারে না।