ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১ হাজার ৮শ’টি গান সংগ্রহে আছে। সংগৃহীত নজরুল সংগীতের মধ্যে গুণগতমানের ভিত্তিতে ১ হাজার ২৩৮টি গানের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে নজরুল সংগীতের বাণী ও সুরের বিকৃতি রোধকরণ ও শুদ্ধ বাণী – সুরে সংগীত চর্চার দিগন্ত প্রসারিত হবে। নজরুলের আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত অবশিষ্ট নজরুল সংগীত সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ থেকে মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় একজন বিশিষ্ট নজরুল গবেষককে ভারতের পশ্চিমবঙ্গে পাঠিয়ে অবশিষ্ট গানগুলো সংগ্রহে পদক্ষেপ নেয়া হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ‘আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১ হাজার ২৩৮টি নজরুল সংগীতের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে কবি নজরুল ইনস্টিটিউট নতুনভাবে যাত্রা শুরু করেছে। কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নকশা অনুযায়ী ভবন নির্মাণ কাজ কয়েক মাসের মধ্যে শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।
কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদ এবং নজরুল গবেষক ও সরকারের যুগ্মসচিব এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা।