ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহারিক ও গবেষণামূলক কাজে উৎসাহিত করা উচিত। ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের একটা বড় অংশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কাজ করে। দেশের বেশির ভাগ খনিজ সম্পদ এদের দিয়েই আবিষ্কৃত। এদেরকে শুরু থেকেই আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে পারলে দেশ উপকৃত হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৭০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, মেধার লালন ও শ্রদ্ধা করতে হবে। ভূতত্ত্ববিদদের আবিষ্কার বাংলাদেশকে দ্রুত উন্নত দেশে পরিণত করবে। খনিজ সম্পদ আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সহায়তা করতে সরকার প্রস্তুত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৭০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়ান্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ এ এম শামসুর রহমান।



