ঢাকা: মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত সংঘবদ্ধ অপরাধ দমনে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ একটি যুগোপযোগী ও কার্যকর আইন হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ (National Dissemination) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র তাদের কৌশল প্রতিনিয়ত পরিবর্তন করছে। সেই বাস্তবতায় আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন করা হয়েছে, যাতে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের মতো আন্তঃদেশীয় অপরাধ আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হয়।
তিনি বলেন, বাংলাদেশ সরকার শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থার মাধ্যমে মানব পাচার প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সদ্য প্রণীত আইনটি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন আইনটি—
মন্ত্রী বলেন, নতুন আইনের সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তিনি আরও উল্লেখ করেন, আইনটির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে তদন্ত থেকে বিচার নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
অনুষ্ঠানে নতুন আইনের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা এবং প্রধান বিধান তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম। পরে আইন বাস্তবায়নের অগ্রাধিকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান কেবল ব্যক্তি নয়, রাষ্ট্রের নিরাপত্তা, আইনের শাসন এবং সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। তাই এসব অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, অপরাধী চক্র ধ্বংস এবং দোষীদের বিচারের আওতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, সিআইডি, এসবি, এনএসআই, বিচার বিভাগ, প্রসিকিউশন, বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।