দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে জিয়াউর রহমান Foundation-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুযোগ বা দয়া নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রান্তিক বা দূরবর্তী অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় জটিল অবস্থা তৈরি হলে রোগীদের বাধ্য হয়ে শহরের বিশেষায়িত হাসপাতালগুলোতে আসতে হয়। রোগ মারাত্মক রূপ নেওয়ার আগেই প্রাথমিক পর্যায়ে তা নির্ণয় ও প্রতিরোধের ব্যবস্থা গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে।
স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালীকরণ, প্রতিরোধমূলক কর্মসূচির বিস্তার, স্বাস্থ্যখাতে জিডিপির বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা এবং ধাপে ধাপে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছানো জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এ খাতে একটি বড় পরিবর্তন আনবে, যেখানে নারীরা বড় ভূমিকা রাখতে পারেন। তারা কমিউনিটি পর্যায়ে স্ক্রিনিং, মা ও শিশু স্বাস্থ্য, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা ও রেফারেল পরিচালনায় কাজ করবেন। পাশাপাশি রক্তদান, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাকে একটি জাতীয়ভাবে সমন্বিত কাঠামোর অধীনে আনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান। প্যানেল আলোচনায় ওষুধ প্রশাসন অধিদপ্তর, বাপি এবং দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন।





