চট্টগ্রাম থেকেই শ্রমিক কল্যাণে সমন্বিত উদ্যোগ শুরু হবে: শ্রমমন্ত্রী

চট্টগ্রাম থেকেই শ্রমিক কল্যাণে সমন্বিত উদ্যোগ শুরু হবে: শ্রমমন্ত্রী
চট্টগ্রাম থেকেই শ্রমিক কল্যাণে সমন্বিত উদ্যোগ শুরু হবে: শ্রমমন্ত্রী

শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে সমন্বিত কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সার্বিক শ্রম পরিস্থিতি এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও শোভন পরিবেশ নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিল্পমালিক ও শ্রমিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো বড় উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন কঠিন হলেও কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ শুরু করা সম্ভব। সফল উদ্যোগ অন্য শিল্পপ্রতিষ্ঠান ও এলাকাগুলোকে একই ধরনের কর্মসূচি নিতে উৎসাহিত করবে।

শিল্পাঞ্চলের মধ্যে শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আইন ও নীতিমালায় শ্রমিক কল্যাণের বিভিন্ন ব্যবস্থা থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। তাই শিল্পমালিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিজ নিজ এলাকার বাস্তব পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি সংশ্লিষ্টদের দ্রুত শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। প্রয়োজনে সংসদ সদস্যরাও এসব আলোচনায় যুক্ত হবেন বলে জানান তিনি।

চট্টগ্রামে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, স্থায়ী ভবন নির্মাণে দীর্ঘ সময় অপেক্ষা না করে প্রয়োজন অনুযায়ী স্টিল স্ট্রাকচারের মাধ্যমে দ্রুত সেবা চালু করা যেতে পারে। এতে কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরু করা সম্ভব।

চট্টগ্রাম বিমানবন্দরের ভেতরে শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য জায়গা বরাদ্দের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। জায়গা পাওয়া গেলে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রসহ প্রয়োজনীয় সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পরই বিমান মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গেও আলোচনা করে দ্রুত জায়গা বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে উল্লেখ করেন আরিফুল হক চৌধুরী। ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন কার্যক্রমে প্রশাসনের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

শ্রমিক কল্যাণে চট্টগ্রাম থেকে উদ্যোগ শুরু করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও তা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। সংশ্লিষ্ট শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও অংশীজনদের নিজ নিজ এলাকার সমস্যা ও প্রয়োজনের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়ার আহ্বান জানান তিনি।

অন্য মন্ত্রণালয়ের আওতাধীন বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা পূরণে এখন কথার পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে ফলাফল দেখাতে হবে।

চট্টগ্রাম থেকেই শ্রমিক কল্যাণে দৃশ্যমান কার্যক্রম শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও নিরাপদ আবাসন গড়ে তোলা হলে তাদের নিরাপত্তা ও কর্মদক্ষতা বাড়বে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তালুকদার, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, জেলা শিল্প পুলিশ সুপার মাহমুদা বেগমসহ সরকারি কর্মকর্তা, শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন শ্রমমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।