কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার কারিগরি ও অর্থনৈতিক বিষয় নিয়ে সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীকেন্দ্রিক দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা মোকাবিলার পাশাপাশি নদীর দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নের সুযোগ তৈরি হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, গত ১৭ বছরের শাসনামলে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা তৈরি হয়েছে। এর প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতিতেও রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, প্রশাসন ও জনগণ সমন্বিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।
আরও পড়ুনঃ কর্মজীবী নারীদের জন্য কালুরঘাটের হোস্টেল দ্রুত চালুর উদ্যোগ
কুড়িগ্রামের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সরকারের প্রতি আস্থাও বাড়বে।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





