বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকি ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছনার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকি ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছনার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।

এর আগে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, হুমকি এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। এ সময় আখতারুজ্জামান তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: ত্রাণমন্ত্রী

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেওয়ার মাধ্যমে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মামলার অভিযোগ ও গ্রেপ্তারের পরবর্তী আইনগত প্রক্রিয়া এখন তদন্তের ওপর নির্ভর করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

দ্য নিউজ ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।