নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন এমন প্রচার চালিয়ে মাইকিং করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি অটোচার্জারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার ছেলে তারেক রহমান (১৬) এবং কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (২৫)। এছাড়া পুলিশি অভিযانের সময় অটোচার্জারটির চালক কাবিল হোসেন পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সঙ্গে যুক্ত আসলাম হোসেন টিপু নামের এক নেতার নির্দেশ বা উদ্যোগে এই মাইকিং করা হয়। অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে।
ঘটনার দিন একটি অটোচার্জারে করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয় যে, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন।
পরবর্তীতে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই প্রচারণার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় তারেক ও শহীদ নামের দুই তরুণকে আটক করা হয়েছে এবং প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটি জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





