দেশে মাদকের বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ মাদকসহ কোনো ধরনের অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সমাজে ধর্মের নামে একটি রাজনৈতিক দল বিভিন্ন ধরনের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু সুন্দরভাবে বক্তব্য দিলেই বিরোধী দলের দায়িত্ব পালন হয় না। জনগণের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করতে হয়। তাঁর অভিযোগ, সরকার দেশের উন্নয়নে কাজ করলেও বিরোধী দল বিভিন্নভাবে অসহযোগিতা করছে।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশ অনেক কিছু হারিয়েছে। এখন আর কোনো কিছু হারানোর সুযোগ নেই। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।





