উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, পর্যটন খাতের উন্নয়ন এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ জোরদারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ সময় বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বর্তমানে বাগদাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকটি বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





