সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি জনসেবার মান উন্নয়নে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছে মন্ত্রিসভা কমিটি।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কমিটির সদস্য জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা সভায় অংশ নেন।

সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের বর্তমান অগ্রগতি, কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ২০২৬-২০২৭ অর্থবছরের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জিপিএমএস কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত কর্মসূচির সামগ্রিক মূল্যায়ন প্রতিবেদনও পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সহজীকরণ এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নম্বর নির্দেশনার ভিত্তিতে সরকারি দপ্তরগুলোর কর্মসম্পাদন ব্যবস্থাপনা শক্তিশালী করতে জিপিএমএস চালু করা হয়েছে।

বর্তমানে দেশের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে এ পদ্ধতির কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।