জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ: গণতন্ত্র পুনর্গঠন ও বিনিয়োগে সহযোগিতার আশ্বাস

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ: গণতন্ত্র পুনর্গঠন ও বিনিয়োগে সহযোগিতার আশ্বাস
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ: গণতন্ত্র পুনর্গঠন ও বিনিয়োগে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সাক্ষাতকালে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠন, সংসদীয় কূটনীতির বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতিতে জার্মানির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্পিকার বলেন, “বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের অংশগ্রহণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করেছে।”

দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে। এর ধারাবাহিকতায় সর্বজন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনরায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

সাক্ষাতকালে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, “দীর্ঘ সময় পর বাংলাদেশ পুনরায় স্বৈরাচারী ব্যবস্থা থেকে পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে যাত্রা সুগম করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে জার্মান সরকার বর্তমান নির্বাচিত সরকারকে সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখবে।”

বৈঠকে দুই দেশের জাতীয় সংসদের মধ্যে ‘মৈত্রী গ্রুপ’ গঠন এবং সংসদীয় কূটনীতি প্রসারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় নতুন তেল-গ্যাস কূপ অনুসন্ধান এবং আধুনিক সার কারখানা স্থাপনে জার্মান বিশেষজ্ঞদের যৌথ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের আহ্বান জানান স্পিকার।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।