ফ্রান্সে জেন-জি বিক্ষোভ তীব্র, আটক ৪৪০

ফ্রান্সে জেন-জি বিক্ষোভ তীব্র, আটক ৪৪০
ফ্রান্সে জেন-জি বিক্ষোভ তীব্র, আটক ৪৪০

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন এলাকায় আন্দোলন চলাকালে ৪৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। আটক ব্যক্তিদের বড় একটি অংশ অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন তিনি।

প্যারিসের আশপাশের এলাকা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। কয়েক দিন ধরে দেশটির বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনের প্রভাব পড়েছে অন্তত ৪০০টি স্কুলে। মঙ্গলবারের কর্মসূচিতে অন্তত ১০ শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ সদস্যও আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিক্ষোভের বিভিন্ন ছবি ও ভিডিওতে কয়েকটি ময়লার পাত্রে আগুন এবং বাসস্টপের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। পুলিশের সঙ্গে কিছু জায়গায় বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বিএফএমটিভিকে বলেন, ৪৪০ জনকে আটক করা হয়েছে। তাদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তবে আটকের চূড়ান্ত সংখ্যা পরে পরিবর্তিত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

১৬ বছর বয়সী এক শিক্ষার্থী এএফপিকে বলেন, শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই ভাঙচুর করতে আন্দোলনে নামেনি। তাদের অভিযোগ, প্রতিটি শ্রেণিতে ৩৪ জনের মতো শিক্ষার্থী থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সহিংসতা ও অবরোধকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে শিক্ষার্থীদের সংগঠন ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন। তার দাবি, বিক্ষোভকারীদের ওপর সরকার দমনমূলক ব্যবস্থা নিচ্ছে।

তবে পুলিশের পদক্ষেপের সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সংযত ও আনুপাতিকভাবে দায়িত্ব পালন করেছে।

শিক্ষার্থীদের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার ফ্রান্সজুড়ে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের বিভিন্ন ইউনিয়নের ডাকা কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন ও কর্মপরিবেশসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে নুনেজ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।