রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, জাল নোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও জাল টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪১টি মামলা করা হয়েছে।
ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ১০০, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪, উত্তরা বিভাগে ৪৩, লালবাগ বিভাগে ৪২ এবং রমনা বিভাগে ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ৩ জন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু এবং আটটি রড উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরাধকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড।
মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট ও নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযান চলাকালে অপহরণের শিকার একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





