প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত একনেকের বৈঠক; আটকে গেল ১৫ প্রকল্প

প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত একনেকের বৈঠক; আটকে গেল ১৫ প্রকল্প
প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত একনেকের বৈঠক; আটকে গেল ১৫ প্রকল্প

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বৈঠকটি না হওয়ায় প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের বৈঠক হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতির কারণেই শনিবার রাতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরের আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি ও ফাইলের কাজ শেষ করতে হবে। একনেকের বৈঠক যথাসময়ে শুরু হলে তা দুপুরের খাবারের আগেই শেষ করা সম্ভব হতো না। এ কারণে সার্বিক বিষয় বিবেচনা করে বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এদিনের একনেক সভায় অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়েছিল। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা।

অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ—তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন। পাশাপাশি ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও ছিল তালিকায়।

এ ছাড়া বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের একটি প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়নের প্রকল্পও অনুমোদনের জন্য প্রস্তুত ছিল।

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পও ছিল একনেকের আলোচ্যসূচিতে।

বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন আপাতত পিছিয়ে গেল। পরবর্তী একনেক বৈঠকে প্রকল্পগুলো উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।