রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির মিরপুর বিভাগে। এ বিভাগ থেকে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মতিঝিলে ৫৯ জন, লালবাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশানে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





