গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা ও লাঠশালার চরে বাস্তবায়নাধীন বেক্সিমকো গ্রুপের তিস্তা সোলার লিমিটেড’র সোলার পাওয়ার প্লান্ট প্রকল্পের ৭’শ একর জমি ক্রয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রতারনার অভিযোগ উঠেছে।
স্থানীয় ভূমি মালিকরা যে পরিমাণ জমি বিক্রয় করেছেন কর্তৃপক্ষ তাদের কাছ থেকে প্রতারাণা করে অনেক বেশি জমি হাতিয়ে নেন এবং জমির ভূয়া মালিক সাজিয়ে তাদের কাছ থেকে অন্যের জমি ক্রয় করেন।
এছাড়াও জমি ক্রয়ের ক্ষেত্রে ফসলি জমি, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বাদ দিয়ে জমি ক্রয় করার কথা থাকলেও তা মানেননি বেক্সিমকো গ্রুপ। স্থানীয় দালালদের মাধ্যমে জমি ক্রয় করার কারণে ন্যায্য মূল্য না পাওয়াসহ নানা অভিযোগ উঠেছে গ্রুপসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জমি দলিল উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ উপজেলা, জেলা ও রংপুর বিভাগসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রমগুলো সম্পন্ন করেন। এছাড়াও এলাকাবাসীর দাবী ৫’শ একর জমি ক্রয় না করেই ৭’শ একর জমি দখলের চেষ্টা করছে বেক্সিমকো গ্রুপ।
এদিকে জমি ক্রয়ে অনিয়ম, প্রতারণা ও জোর-জবর দস্তির অভিযোগ তুলে র্দীঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসছে বাস্তভিটা ও আবাদি জমি রক্ষা সংগ্রাম কমিটি নামে একটি স্থানীয় সংগঠন। অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালের ২৬ অক্টোবর থেকে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপ ২’শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করার কাজ শুরু করেন উপজেলার তারাপুর ইউনিয়নের চর র্খোদ্দা ও লাঠশালার চরে।
কর্তৃপক্ষের ধারনা বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২ হাজার কোটি টাকা। জমি ক্রয় শেষে বিশাল এলাকায় ড্রেজার দিয়ে মাটি ভরাট, আনসার ক্যাম্প, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ফাড়ি ও প্রকল্পের অফিসহ বিভিন্ন স্থাপনার নিমার্ণ কাজ শুরু করে দিয়েছেন কর্তৃপক্ষ।
আরোও জানা যায়, চর খোর্দ্দা ও লাঠ শালার চরে তিস্তা সোলার লিমিটেড’র ক্রয়কৃত জমির অধিকাংশই ভুয়া মালিক সাজিয়ে অবৈধ উপায়ে ক্রয় করা হয়েছে। এ ছাড়াও প্রকল্পের মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি মসজিদ ও দুইটি কবরস্থানসহ প্রায় একশ একরের বেশি ফসলি জমি রয়েছে। জমির মালিক মৃত শমসের আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৬৫) জানান, আমি জমি বিক্রয় করি ৪ একর।
কিন্তু বেক্সিমকো গ্রুপ আমার ৫ একর ১৬ শতক জমি দখল করে নিয়েছে। জমির মালিক মৃত রুস্তম আলীর ছেলে বাহাদুর (৪৮) জানান, আমি কোন জমি বিক্রয় করিনি। অথচ আমার প্রায় ৫ একর জমি দখল করে নিয়েছে তারা। কৃষক মজিবর রহমান বলেন, প্রকল্পের ভিতরে আমার অনেক জমি আছে, এগুলো আমার বাপ-দাদার সম্পত্তি।
আমি এগুলো আমি বিক্রি করতে রাজি নই, কিন্তু জোরপূর্বক তারা বাউন্ডারি ওয়াল দিয়ে দখল নেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে বাস্তভিটা ও আবাদি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোজা মন্ডল জানান, জমি ক্রয়ে ব্যাপক অনিয়ম ও প্রতারনা করেছে বেক্সিমকো গ্রুপ।
সেই সাথে এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ, আবাদি জমি দখল করে প্রকল্প বাস্তবায়ন করছেন তারা। এ ছাড়াও নামে মাত্র জমি ক্রয় করে শত শত জমির মালিক সেজেছেন। তিনি আরো বলেন, যতদিন আমরা আমাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি ফিরে না পাবো ততদিন পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো। জমির জন্য জীবন দিবো তবুও এক ইঞ্চি জমি বেদখল হতে দিবো না।
এ বিষয়ে তিস্তা সোলার পাওয়ার প্লান্ট প্রকল্পের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ফারুখ হোসেন বলেন, আমরা কারো জমি জোরপূর্বক দখল করার চেষ্টাও করিনি। নিয়ম মেনেই তাদের কাছে ন্যায্য মূল্যে জমি ক্রয় করেছি। তাছাড়া স্কুল, মসজিদ, কবরস্থান ও বসতি জমি নষ্ট করে আমরা কোন জমি ক্রয় করিনি।
তার পরেও কারো যদি অভিযোগ থাকে তাহলে আমাদের সাথে বসলে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি। পাওয়ার প্লান্ট প্রকল্পের কো-অর্ডিনেটর ইয়ার আলীর মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।