ইসলামি রাষ্ট্রীয় সার্বভৌমত্বে কুরআন ফায়সালা করে, আনুগত্য হবে নিরংকুশভাবে আল্লাহর আর অনুসরণ অনুকরণ হবে তাঁর আইন-বিধানের; এটিই বাঞ্চনীয়। তাঁকে বাদ দিয়ে অন্যদের অথবা নিজের নফসের খায়েশের অনুসরণ নিষিদ্ধঃ-
“(হে রাসূল!) আমি এ কিতাব যথাযথভাবে তোমার প্রতি নাযিল করেছি, সুতারাং দীনকে আল্লাহর জন্য খালেছ করে তাঁর বন্দেগী করো। সাবধান! খালেছ দীন আল্লাহরই জন্য।” – (সূরা আয যুমারঃ-২)।
“বল দীনকে আল্লাহর জন্য খালেছ করে তাঁর বন্দেগী করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়েছে। আর আমাকে এ নির্দেশও দেয়া হয়েছে যে, আমিই যেন সর্বপ্রথম আনুগত্যের শির অবতনকারী হই।”- (সূরা আয যুমারঃ ১১-১২)।
“এবং আমি প্রত্যেক উম্মাতের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি (এ নির্দেশ দিয়ে) যে, আল্লাহর বন্দেগী করো এবং তাগুত থেকে বিরত থাকো।” – (সূরা আন নাহলঃ-৩৬)।
“দ্বীনকে আল্লাহর জন্য খালিছ করে নির্দিষ্টভাবে তাঁর বন্দেগী করা ছাড়া তাদেরকে আর কোনো নির্দেশই দেয়া হয়নি।”-(সূরা আল বাইয়্যেনাঃ-৫)।
“তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ কর, তা বাদ দিয়ে তোমাদের নেতাদের অনুসরণ করো না।”-(সূরা আল আরাফঃ-৫)।
“তোমার কাছে যে জ্ঞান এসেছে, তারপরও তুমি যদি তাদের খাহেশাতের অনুসরণ কর, তাহলে আল্লাহর মোকাবিলায় তোমার কোনো সাহায্যকারী হবে না, হবে না কোনো রক্ষাকারী।” – (সূরা আর রাআদঃ-৩৭)।
“অতঃপর আমি তোমাকে দ্বীনের এক বিশেষ পদ্ধতির ওপর স্থাপন করেছি। সুতারাং তুমি তারই অনুসরণ করো। যাদের কোনো জ্ঞান নেই, তাদের খায়েশের অনুসরণ করো না।” – (সূরা জাসিয়াঃ-১৮)।
কুরআন বলে, মানুষের কার্যাবলীকে-সংগঠিত সুবিন্যস্ত করার জন্য আল্লাহ যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, তা লংঘন করার অধিকার কারোর নেইঃ-
“এসব হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। এগুলো লংঘন করোনা। যারা আল্লাহর সীমারেখা লংঘন করে, তারাই যালেম, অত্যাচারী।” – (সূরা আল বাকারাঃ-২২৯)।
“এসব হচ্ছে আল্লাহর সীমারেখা। বাধ্য-বাধকতা মেনে চলতে যারা অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।” – (সূরা আল মুজাদালাঃ-৪)।
কুরআন এও বলে যে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে হুকুমই হোক না কেন, তা শুধু অন্যায় অবৈধই নয়, বরং তা হচ্ছে কুফরী, গুমরাহী, যুলুম-শিরক-অন্যায় এবং স্পষ্ট পাপাচার। এ ধরণের যে কোনো ফায়সালা জাহেলিয়াতের ফায়সালা-ঈমান বিরুদ্ধ ফায়সালা।
# ইসলামি রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য #
এ রাষ্ট্রকে দু’টি মহৎ উদ্দেশ্যের জন্য কাজ করতে হবে।
১) মানব জীবনে ইনসাফ-সুবিচার প্রতিষ্ঠিত হোক, যুলুম-নির্যাতনের অবসান হোকঃ-
“আমি স্পষ্ট হেদায়েত দিয়ে রাসূল প্রেরণ করেছি, আর তাদের সাথে কিতাব এবং ‘আল-মিযান’ নাযিল করেছি, যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আর আমি লোহা নাযিল করেছি, যাতে রয়েছে কঠিন শক্তি এবং মানুষের জন্য কল্যাণ।”- (সূরা আল-হাদিদঃ-২৫)।
২) সরকারী ক্ষমতা এবং উপায়-উপকরণ দ্বারা ‘সালাত প্রতিষ্ঠা’ এবং যাকাত আদায়ের ব্যবস্থা কায়েম করতে হবে, যা ইসলামী জীবনের স্তম্ভ। কল্যাণ এবং পুণ্যের উন্নতি সাধন করতে হবে। বিশ্বে ইসলামের আগমনের এটাই আসল উদ্দেশ্য। অন্যায়-অকল্যাণ আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণ্যঃ- “তারা এমন ব্যক্তি, আমি তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দান করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের প্রতিরোধ করে।”-(সূরা আল-হাজ্জঃ-৪১)
# ইসলামে নারী নেতৃত্ব #
ইসলামই মূলত নারীর প্রকৃত মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছে। ইসলাম-পূর্ব জাহেলিয়াতের যুগে নারীকে মনে করা হত একমাত্র ভোগ-বিলাসের পাত্র। অথচ ইসলামের বিধান কুর’আন ও রাসূলের সুন্নাহতে নারীদের নারী হিসেবে যে মর্যাদা ও অধিকার তা পুরোপুরিভাবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয় এ মর্যাদা ও অধিকার ইসলামের স্বর্ণযুগে ছিল যথাযথভাবে বাস্তবায়িত ও সুপ্রতিষ্ঠিত। তবে নারীর মর্যাদা পুরুষের উপরে নয় নিচে, প্রথম নয় দ্বিতীয়, নিরংকুশ নয় শর্তাধীন। এ বিধান নারী ও পুরুষের জন্য সৃষ্টির গোড়া থেকেই।
“পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে, আল্লাহ তাদের মধ্যে একজনকে অপরের উপর (পুরুষকে নারীর উপর) গুনগত বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব দান করেছেন।”- (সূরা নিসাঃ-৩৪)।
নারীদের তুলনায় পুরুষের মর্যাদা অধিক হওয়ার কারণ হলোঃ-
১) সৃষ্টিগতভাবে নারী ও পুরুষের মধ্যে গুনগত বৈশিষ্ট্য ও বিশেষত্ব,
২) পরিবার পরিচালনা ও আর্থিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষরাই সাধারণত দায়ী এবং তাদেরকেই তা করতে হয়,
৩) সকল প্রকার ভারী ও কঠিন কাজ কর্ম, নির্মাণ কাজ, যুদ্ধবিগ্রহ, গবেষণা ও আবিষ্কার পুরুষদের দ্বারা সাধিত হয়। তাই স্বাভাবিক ও সঙ্গত কারণেই নেতৃত্ব পুরুষের জন্য, নারীর জন্য নয়।
তাছাড়া আল্লাহ তা’আলা যুগে যুগে যত নবী-রাসূল পাঠিয়েছেন, তাঁরা সবাই ছিলেন পুরুষ। উল্লেখ্য, সকল নবী-রাসূলই ছিলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ এবং তাঁদের নেতৃত্ব ছিল সঠিক ও একমাত্র নিষ্কলুষ। এভাবে ইসলামের ইতিহাসে কোন সময় পুরুষের উপর নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিল না।
নবী করিম (দঃ) ইরশাদ করেনঃ-
“সে জাতি কখনো সফলকাম হতে পারে না, যারা কোনো নারীর হাতে স্বীয় নেতৃত্ব অর্পন করে।”- (বুখারী)।
উল্লেখিত হাদিস শরীফে এ কথা সুস্পষ্ট রূপে উল্লেখ রয়েছে যে, পারস্যবাসীরা তাদের সম্রাটের মৃত্যর পর তার কন্যা নুরাকে সিংহাসনের নেতৃত্ব অর্পন করার প্রেক্ষিতে মহানবী (দঃ) উপরোক্ত হুশিয়ারী বাণী উচ্চারন করেছিলেন, সুতারাং বর্ণিত হাদিসখানাই নারী নেতৃত্বের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল হিসেবে প্রতীয়মান হয়। বর্ণিত হাদিস থেকে বুঝা যায় যে, নারীদেরকে নেতৃত্বের দায়িত্ব দেয়া যাবে না। যদি দেয়া হয় তাহলে যে জাতি বা সম্প্রদায় দেবে, সে জাতি বিজেরা বিজেদের বিপদ ডেকে আনবে। দেশ ও জনগণের উন্নতি সাধনের জন্য নেতা নির্বাচন করে যদি সে নেতা দ্বারা উপকারের স্থলে অপকার হয়, তাহলে সে নেতা নির্বাচন না করাই যুক্তিসঙ্গত। সেই কারণে নারী নেতৃত্ব পরিহার করার জন্য রাসূল (দঃ) বলেছেনঃ
“যখন তোমাদের সর্বোত্তম ব্যক্তিরা তোমাদের নেতা ও শাসনকর্তা হবে, তোমাদের ধনী ব্যক্তিরা তোমাদের প্রতি দানশীল এবং তোমাদের সব কাজ কর্ম পারস্পরিক পরামর্শের উপর ভিত্তি সম্পন্ন হবে, তখন ভূপৃষ্ঠ তোমাদের জন্য ভূগর্ভ হতে উত্তম হবে। অর্থাৎ তোমাদের জীবন সুখী ও সুন্দর হবে। আর যখন তোমাদের মধ্যকার নিকৃষ্ট ধরণের লোকেরা তোমাদের শাসক হবে, তোমাদের ধনীরা হবে তোমাদের মধ্যকার সবচেয়ে কৃপণ এবং তোমাদের জাতির সামগ্রিক কাজ কর্মের নেতৃত্বের দায়িত্ব ন্যস্ত হবে তোমাদের নারীদের হাতে, তখন পৃথিবীর অভ্যন্তর ভাগ হবে তোমাদের জন্য ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। অর্থাৎ বাঁচার চেয়ে মৃত্যবরণই তোমাদের শ্রেয় হবে।”-(তিরমিযী)।
অন্য এক বর্ণনায় রাসূল (দঃ) বলেছেন:-
“পুরষ জাতি তখনই ধ্বংস হয়, যখন তারা নারীদের আনুগত্য করতে থাকে।”-(তিরমিযী)।
তিনি আরো বলেছেনঃ-
“আমার পরে আমার উম্মতের জন্য সর্বাধিক ক্ষতিকর ফিতনা বিপর্যয় পুরুষদের উপর আসতে পারে নারীদের প্রাধান্যের কারণেই।”-(বুখারী, মুসলিম)।
রাসূল (দঃ) এর এসব কঠোর সতর্কবাণী উপেক্ষা করে তাঁর কোন উম্মত তথা মুসলমান, নারী নেতৃত্ব সমর্থন করতে পারে কি?
# বৈদেশিক রাজনীতির মূলনীতি #
ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি (Foreign policy) সম্পর্কে কুরআন মাজীদে যেসব হেদায়াত দেয়া হয়েছে।
চুক্তি-অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন। চুক্তি ভঙ্গ করা একান্ত অপরিহার্য হয়ে পড়লে সে ব্যাপারে দ্বিতীয় পক্ষকে পূর্বাহ্নে অবহিত করতে হবেঃ
“চুক্তি-অঙ্গীকার পূর্ণ করো, চুক্তি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।” – (সূরা বনী ইসরাঈলঃ-৩৪)।
“আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো, যখন তোমরা অঙ্গীকার করো। পাকা-পোক্ত শপথ করার পর তা ভঙ্গ করো না।……… সে মহিলার মতো হয়োনা, যে আপন শ্রম-মেহনত দ্বারা সুতা কেটে পরে তা টুকরো টুকরো করে ফেলে। এক জাতি অন্য জাতির চেয়ে বেশি ফায়দা হাসিল করার জন্য তোমরা নিজেদের কসমকে নিজেদের মধ্যে প্রতারণার মাধ্যম করো না। আল্লাহ এর দ্বারা তোমাদেরকে পরীক্ষায় ফেলেন। কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের মতবিরোধের রহস্য উম্মোচন করবেন।” – (সূরা আন নাহলঃ ৯১-৯২)।
“দ্বিতীয় পক্ষের লোক যতক্ষণ তোমাদের সাথে অঙ্গীকারে অটল থাকে, তোমরাও অটল থাকো। নিশ্চয় আল্লাহ মুত্তাকী-পরহেযগারদের পছন্দ করেন।”-(সূরা আত তাওবাঃ-৭)।
“মুশরিকদের মধ্যে তোমরা যাদের সাথে অঙ্গীকার করেছো, অতঃপর তোমাদের সাথে ওফাদারীতে তারাও ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে কারো সাহায্য করেনি, তবে তাদের অঙ্গীকার মেয়াদ পর্যন্ত পূর্ণ করো।” – (সূরা আত তাওবাঃ-৪)।
“(আর যদি শত্রুর এলাকায় বসবাসকারী মুসলমানরা) তোমাদের কাছে সাহায্য চায়, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। অবশ্য এমন কোনো জাতির বিরুদ্ধে এ সাহায্য করা যাবে না, যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে।” – (সূরা আল আনফালঃ-৭২)।
“কোনো জাতির পক্ষ থেকে তোমাদের যদি খেয়ানত (চুক্তিভঙ্গ) এর আশংকা হয়, তাহলে (তাদের চুক্তি) তাদের প্রতি ছুঁড়ে মারো। অবশ্য সমতার প্রতি লক্ষ রেখে (তা করবে)। আল্লাহ নিশ্চয়ই খেয়ানতকারীকে পছন্দ করেন না।” – (সূরা আল আনফালঃ-৫৮)
# কুরআনের শাসন প্রতিষ্ঠা না করার পরিনাম #
আমরা মুসলিম, রাসূল (দঃ) এর আদর্শকে আমরা মেনে চলি। রাসূল (দঃ) এর বিধানও মেনে চলি। কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলতে প্রস্তুত নই। অথচ আল্লাহর নির্দেশ হলো সর্বক্ষেত্রে তাঁর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। পবিত্র কুর’আনে আল্লাহ তা’আলা বলেন,
“হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণরূপেই ইসলামের মধ্যে প্রবেশ কর অর্থাৎ ইসলামকে পূর্ণভাবে মেনে চলো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন।”- সূরা বাকারাঃ-২০৮।
এখানে শয়তানের পদাঙ্ক অনুসরণ বলতে আল্লাহর বিধান ও রাসূল (দঃ) এর আদর্শ বা কর্মনীতি পরিপন্থী মানুষের মনগড়া মত ও পথের কথাই বুঝানো হয়েছে। যারা প্রকৃত মু’মিন তারা কখনো মানব রচিত আইন মেনে চলতে পারেনা। তাদের উপর ফরজ হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আর যে মু’মিন এই কাজকে ফরয মনে করে না বা মেনে চলে না তাতে আল্লাহর কিছু বিধান মেনে চলে আর কিছু মেনে চলে না তাদের সম্পর্লে আল্লাহ তা’আলা বলেন,
“তোমরা কি কিতাবের একাংশ বিশ্বাস কর এবং অপর অংশকে অবিশ্বাস কর? তাহলে জেনে রাখ, তোমাদের মধ্যে যাদের এরূপ আচরণ হবে তাদের পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্চিত হওয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে? এবং পরকালে তাদেরকে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করা হবে।”- সূরা বাকারাঃ-৮৫।
এখানে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানা না হলে পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্চিত হবার যে কথা বলা হয়েছে, আজ মুসলিম জাতি বা মুসলিম দেশগুলো কি এর শিকার নয়? শুধু তাই নয় রাসূল (দঃ) এক দীর্ঘ হাদিসের শেষাংশে বলেছেনঃ-
“অর্থাৎ এর ব্যতিক্রম কখনো হতে পারেনা। আল্লাহর শপথ, হয় তোমরা অত্যন্ত দৃঢ়তার সাথে ন্যায়ের প্রতিষ্ঠা করবে এবং অন্যায় থেকে লোকদের বিরত রাখবে ও জালিমের হাত ধরে তার জুলুম বন্ধ করে দেবে, তাকে অন্যায়ের পথ হতে ফিরিয়ে সত্যের পথে পরিচালিত করবে, তাকে সত্যের উপরই প্রতিষ্ঠিত করে দেবে। অন্যথায় আল্লাহ তোমাদের পরস্পরের মনকে অপরের সংঘাতে পাপ জর্জরিত করে দেবেন এবং শেষ পর্যন্ত পূর্বকালের পাপীদের ন্যায় তোমাদের উপরই অভিশাপ নাযিল করবেন।” – (আবু দাউদ)।
রাসূল (দঃ) এর এ ফরমান কার্যকর করতে হলে এক মাত্র রাষ্ট্র শক্তির মাধ্যমেই তা সম্ভব। বর্তমানে রাষ্ট্রশক্তিকে ইসলামী শক্তিতে পরিণত করা না গেলে ঐ অভিশাপ থেকে রেহাই পাওয়া যাবে না। তাই এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহর বিধান ও রাসূল (দঃ) এর আদর্শ পরিপূর্ণ বাস্তবায়নের দিকে, অন্যথায় শান্তি অসম্ভব।
(সূত্রঃ- ইসলাম ও রাজনীতি)
মো. আমির সোহেল
সংবাদকর্মী
কথা’কার- ০১৯১২ ৭০৪২৯০