শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলরের উপর পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কাউন্সিলরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জের ধরে কাউন্সিলরের সমর্থকরা প্রতিপক্ষের ৭টি বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে।
লোনসিং গ্রামের মোশারফ রাঢ়ি জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী ছৈয়ালের সাথে স্থানীয় দীল মোহাম্মদ ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবর আলী সরদারদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে ৭নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আলী ছৈয়াল লোনসিংহ বাজার থেকে বাড়ি ফেরার পথে দীল মোহাম্মদ, বাবর আলী সরদার, চুন্নু ছৈয়াল, সায়েদ সরদার, মতিন সরদার, সিরাজ সরদার, শাহিন সরদার, মনির সরদার, আলী সরদার সহ কতিপয় লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পথিমধ্যে লোনসিং ডাকঘরের নিকট পৌছিলে পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় কাউন্সিলরের আতœচিৎকার শুনে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা গুরুতর ভেবে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে।
এ দিকে হামলার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কাউন্সিলর আলী ছৈয়াল সমর্থকরা প্রতিপক্ষ শাহিন সরদার, বাবর আলী সরদার, চুন্নু ছৈয়াল, সায়েদ সরদার, মতিন সরদার, সিরাজ সরদারের বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাবে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
সাবেক কাউন্সিলর বাবর আলী সরদার বলেন, কাউন্সিলরকে আমাদের লোকেরা জখম করেনি। আমাদেরকে পূর্ব শত্রুতা বশত মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা করে ভাংচুর করেছে।
বর্তমান কাউন্সিলর আলী ছৈয়ালের সমর্থক নজরুল ইসলাম, টিটু মীর বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শাহিন সরদারের নেতৃত্বে ২০/২৫ জন লোক কাউন্সিলর আলী ছৈয়ালের উপর হামলা করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কাউন্সিলর আলী ছৈয়ালকে কুপিয়ে জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। কোন পক্ষেই মামলা হয়নি।