ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১ এপ্রিল’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৭ দিনব্যাপী এ সেবা সপ্তাহ চলবে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ভুমি সহকারি কর্মকর্তা শেখ ওয়াজেদ আলী, রায়গ্রাম ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি সরকারের বিভিন্ন সাফল্য কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, বর্তমান যুগ ডিজিটাল বাংলাদেশের যুগ। এ যুগে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগনকে সেবা দিতে হবে। তিনি আরো বলেন, ভুমির নাম পত্তন, খাজনা, জমির বন্দোবস্তসহ সব ধরনের সেবা নিতে যেয়ে কেউ যেন হয়রানীর স্বীকার না হয় সে দিকে সকলকে সচেতন থাকতে হবে। আলোচনা সভায় উপজেলার ১১ টি ইউনিয়নের সকল ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।