ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জের মাদকের আখড়া নামে খ্যাত বারবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বিকেলের এ অভিযানে সেখান থেকে দুই বস্তা মাদক ও বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। তবে কি পরিমান মাদক ও বোমা উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
জানাগেছে, র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপন খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাছের আড়তে অভিযান চালায়। সে সময় সেখান থেকে দুই বস্তা মাদক ও বেশ কয়েকটি বোমা উদ্ধার করে। এ সময় ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, তার ভাই আব্দুস সালাম, ফরহাদ, উজ্জ্বল ও সুজনকে আটক করে র্যাব।
কালাম চেয়ারম্যানকে আটক করলে তার অনুসারিরা বারবাজারে হাইওয়ে সড়কের উপর গাছের গুড়ি ও ব্যারেল ফেলে রাস্তা ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বলে পুলিশ জানায়। এ সময় র্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। অভিযানে র্যাবকে বারবাজার হাইওয়ে পুলিশ, কালীগঞ্জ থানা পুলিশ ও বারবাজার ক্যাম্প পুলিশ সহযোগিতা করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযানে র্যাব ৪ জনকে আটক করেছে এবং সেখান থেকে ফেন্সিডিল, গাজা, ও বোমা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। তবে কি পরিমান মাদক ও বোমা উদ্ধার করা হয়েছে তা তিনি তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বারবাজার মাছের আড়তে মাদকের ব্যবসা চলে আসছিল। সেখান কয়েকবার স্থানীয় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন সদস্যরা অভিযান চালায়। সে সময় তাদের উপর হামলা চালানো হয়।