বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছোট-বড় ৪৬টি পূজা মন্ডপের প্রতিমাগুলো এখন শিল্পীর তুলির রংয়ে সাজছে। পাশাপাশি পূজা মন্ডপের প্রধান ফটকে দৃষ্টি নন্দন গেইট ও মন্ডপ এলাকায় আলোকসজ্জাসহ সজ্জিতকরণ করার কাজও চলছে পুরোদমে। আগামী ৭ অক্টোবর দেবীর বোঁধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাকের তালে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা।
পূজা মন্ডপগুলোতে একদিকে যেমন প্রতিমা সাজানো ও সজ্জিতকরণ কাজ চলছে অপরদিকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সকলেই পরিবারসহ নতুন কাপড় কিনতে ভিড় জমাচ্ছে স্থানীয় বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে। সব মিলিয়ে উপজেলার সর্বত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সরকার জানান, বড়াইগ্রাম পৌরসভায় ৩টি, বনপাড়া পৌরসভায় ৬টি ও চান্দাই ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বী না থাকায় ওই ইউনিয়ন ছাড়া বাকি ৬টি ইউনিয়নে ৩৭টি সহ মোট ৪৬টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, পূজামন্ডপ গুলোতে নিরাপত্তা দিতে পুলিশ দুই সপ্তাহ আগে থেকেই নিয়মিত টহল দিচ্ছে। তবে পূজা উৎসব চলাকালীন সময়ে আনছার ও পুলিশ সদস্যের সমন্বয়ে ৫ থেকে ৯ জনের টিম প্রতিটি মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস জানান, হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘেœ উৎসব মূখর পরিবেশেই পূজা উদযাপন করবে। পূজামন্ডপ গুলোর জন্য সরকারীভাবে সাড়ে ২২ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ ও দিক-নির্দেশনা দেয়া হয়েছে।