× Banner
সর্বশেষ
৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব?

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপ চলে যাবে
বিশ্বকাপ চলে যাবে

বিশ্বকাপ এলে বাংলাদেশে যেন আরেকটি বিশ্বকাপ শুরু হয়। মাঠে খেলে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা অন্য কোনো দেশ; কিন্তু সবচেয়ে বড় লড়াইটা শুরু হয় আমাদের নিজেদের মধ্যে।

কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ইংল্যান্ড, কেউ পর্তুগাল। সমর্থন থাকবে, আবেগ থাকবে, তর্ক থাকবে-এসবই ফুটবলের সৌন্দর্য। কিন্তু প্রশ্ন হলো, সেই সৌন্দর্য কোথায় হারিয়ে যাচ্ছে?

সাম্প্রতিক বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে অন্তত ১২ জন মানুষের প্রাণহানি ঘটেছে। মৃতের এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের সামাজিক সহনশীলতা নিয়ে গভীরভাবে ভাবার একটি সতর্কবার্তা।

একটি খেলা নিয়ে মানুষের মৃত্যু, সংঘর্ষ কিংবা দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া-এসব কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।

একটি ফুটবল ম্যাচ কি কখনো একটি মানুষের জীবন, একটি বন্ধুত্ব কিংবা একটি পরিবারের সম্পর্কের চেয়ে বড় হতে পারে? আমার নিজের অভিজ্ঞতাও ভিন্ন নয়। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। মেসির খেলা সরাসরি দেখার জন্য বার্সেলোনা, প্যারিস ও কাতার পর্যন্ত গিয়েছি।

বছরের পর বছর আর্জেন্টিনাকে নিয়ে লিখেছি, আলোচনা করেছি, সমর্থন করেছি। তবুও চলতি বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে সমর্থন করেছিলাম। কারণ সেটি ছিল আমার ব্রিটিশ বাংলাদেশী নাগরিক পরিচয়ের জায়গা থেকে নেওয়া একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে যেভাবে ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ এবং বুলিংয়ের মুখোমুখি হতে হয়েছে, তা আমাকে একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে।

আমরা কি ধীরে ধীরে খেলা আর শত্রুতার পার্থক্যটাই ভুলে যাচ্ছি? ফুটবলীয় বান্টার পৃথিবীর প্রতিটি ফুটবল সংস্কৃতির অংশ। ম্যাচের আগে খোঁচা থাকবে, ভবিষ্যদ্বাণী থাকবে, ট্রল থাকবে। কিন্তু ম্যাচ শেষ হলে সেসবও শেষ হয়ে যাওয়ার কথা। আমাদের দেশে যেন উল্টোটা হচ্ছে। বিশ্বকাপ শেষ হয়ে যায়, কিন্তু মানুষের মনে রাগ থেকে যায়।

জার্সি বদলে যায়, কিন্তু সম্পর্ক ভেঙে যায়। সামান‍্য একটি ফেসবুক পোস্টের কারণে বছরের বন্ধুত্ব নষ্ট হয়। একটি মন্তব্যের কারণে আত্মীয়তার দূরত্ব তৈরি হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, ছোট ছোট শিশুরাও এগুলো দেখছে। তারা শিখছে, ভিন্ন দল মানেই ভিন্ন মানুষ। ভিন্ন মত মানেই শত্রু।

আমরা কি সত্যিই তাদের এই শিক্ষাই দিতে চাই? খেলা শেষ হয়ে যায়, কিন্তু শিশুরা বড় হয় আমাদের আচরণ দেখে। আমরা যেভাবে প্রতিক্রিয়া জানাই, তারাই সেটাকেই স্বাভাবিক আচরণ হিসেবে শিখে।

আমরা ভুলে যাই, এখানে খেলছে না বাংলাদেশ। আমাদের জাতীয় পতাকা মাঠে নেই। আমাদের জাতীয় সংগীত বাজছে না। তবুও আমরা এমনভাবে বিভক্ত হয়ে যাই, যেন নিজেদের মধ্যেই যুদ্ধ চলছে। আমার বিশ্বাস, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। তারপর আমরা যে যার পছন্দের দলকে সমর্থন করব।

আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা অন্য যে দলই হোক, সেই সমর্থন যেন বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে। বরং বিশ্বকাপের এই আবেগকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি।

যে আবেগ নিয়ে আমরা রাত জেগে খেলা দেখি, যে উন্মাদনা নিয়ে পতাকা টাঙাই, যে ভালোবাসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে ফেলি, সেই একই আবেগ যদি একদিন বাংলাদেশের ফুটবলের জন্য দিতে পারতাম?

যদি আমরা সবাই মিলে দেশের ফুটবল নিয়ে কথা বলতাম। যদি স্থানীয় ক্লাব, বয়সভিত্তিক ফুটবল, স্কুল ফুটবল, অবকাঠামো এবং প্রতিভা তৈরির বিষয়ে আগ্রহী হতাম।

যদি আমরা দাবি তুলতাম-বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের করতে হবে। তাহলে হয়তো একদিন আমাদের সন্তানরা অন্য দেশের পতাকা নিয়ে তর্ক করবে না। তারা লাল-সবুজের পতাকা হাতে বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়াবে।

আমরাও একদিন বলতে পারব-বাংলাদেশ বিশ্বকাপ খেলছে। সেদিন আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ইংল্যান্ডের সমর্থকেরা একসঙ্গে বাংলাদেশের জন্য গলা ফাটাবে। সেদিনই হবে আমাদের সবচেয়ে বড় জয়।

বিশ্বকাপ চার বছর পর আবার আসবে। কিন্তু একটি সম্পর্ক একবার ভেঙে গেলে, একটি হৃদয় একবার আঘাত পেলে, একটি জীবন একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসে না।

তাই বিশ্বকাপকে উপভোগ করি। ট্রল করি, হাসি, মজা করি। কিন্তু খেলা যেন মাঠেই শেষ হয়। মানুষের হৃদয়ে নয়। কারণ বিশ্বকাপ চলে যাবে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একসঙ্গেই থেকে যাব।


এ ক্যটাগরির আরো খবর..