মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা।
কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে।
এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হবে।
আজ সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইডসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান রাসিক প্রশাসক।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ, ইমামদের সম্মানি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের সরকার স্বল্প সময়ে জনগণের কল্যাণে অনেক কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে পরিদর্শনে এসেছি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সঙ্গে আছেন। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণিগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়।
রাসিক প্রশাসকের প্রশংসা করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বল্প সময়ের মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। রাজশাহীতেও ব্যাপক বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।