ব্রিটিশ হাইকমিশন, ঢাকার সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন।
বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সহজীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও কার্যকর বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।
প্রতিনিধিদলে আরও ছিলেন ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া), জশ ওয়াইজম্যান, অ্যাসোসয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক), শাহনাজ করিম, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন, ঢাকা; কিম ম্যাককুয়ে, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার, কাজী ফয়সাল বিন সেরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এশিয়া ফাউন্ডেশন এবং হুইট ম্যাসন, কমিউনিকেশনস স্পেশালিস্ট।