ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন আজ (রোববার) শুরু হচ্ছে। চলতি অধিবেশনে আগামী ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপন এবং ১৫ জুনের মধ্যে তা পাস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। ওই দিন থেকে সংসদের অধিবেশন সকাল–বিকেল চলতে পারে। ৩০ জুনের মধ্যেই বাজেট পাস করতে হবে, এরপর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সম্পন্ন করতে হবে।
চিফ হুইপ আরও জানান, আগামী ১৫ জুন সম্পূরক বাজেট পাসের পরিকল্পনা রয়েছে।
নুরুল ইসলাম মনি দাবি করেন, সরকারের যাত্রা শুরু হয়েছে বিপুল ঘাটতি পরিস্থিতিতে। তবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার কারণে অর্থনীতিতে “স্বাভাবিক অবস্থা” বজায় আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আমলাতন্ত্রের জটিলতা কমানোর ওপরও গুরুত্ব দেন।
তিনি বলেন, মানুষের কাজ সহজ করার লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংসদীয় দলের বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। শিক্ষাব্যবস্থায় কর্মমুখী ও দক্ষতা-ভিত্তিক কারিকুলাম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
স্বাস্থ্য খাতে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। চীনের সঙ্গে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণ বিষয়ে পাঁচটি চুক্তি হয়েছে বলেও জানানো হয়, যার মধ্যে একটি হাসপাতাল নারী ও শিশুদের জন্য নির্ধারিত থাকবে।
চিফ হুইপ জানান, চাঁদাবাজি, মাদক ও জুয়া দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা মনিটরিং করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
নুরুল ইসলাম মনি জানান, সংবিধান যুগোপযোগী করার লক্ষ্যে একটি সংস্কার কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিরোধী দলের অংশগ্রহণের মাধ্যমে এ কমিটি কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্যগত কারণে মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ হয়েছে বলে সংসদীয় দলের বৈঠকে জানানো হয় দীপেন দেওয়ান।
চিফ হুইপ বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি রাষ্ট্র গড়ে তোলা।