তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ প্রকাশে কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপে বিশ্বাস করে না। অতীতের মতো গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ নিয়ন্ত্রণের কোনো মানসিকতা সরকারের নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।
আজ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর চট্টগ্রাম প্রেসক্লাব ভবনস্থ কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণ, অধিকার বাস্তবায়ন এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তথ্যপ্রযুক্তির এই যুগে অপতথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের যে ক্ষতি করা হচ্ছে, তা মোকাবিলায় সরকার সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে (BBC) তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকতা পেশার নানা সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে অবগত। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমি সাংবাদিকদের কল্যাণে আমার দায়িত্ব পালন করছি।
উদ্বোধকের বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন, তেমনি গঠনমূলক ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে উন্নয়নের পথ সুগম করেন। যৌক্তিক সমালোচনা থাকলে সরকারের কোথাও কোনো ভুল হলে তা সংশোধন করা সহজ হয়।
বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উল্লেখ করে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মহান সংসদে যেমন জনগণের পক্ষে কথা হচ্ছে, তেমনি সরকারের কাজের যৌক্তিক সমালোচনাও আসছে। আমরা সেসব সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। চট্টগ্রামের সাংবাদিক সমাজের উদ্দেশ্যে তিনি দেশের স্বার্থে সকল বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, সংবাদমাধ্যমের লেখনীর মাধ্যমেই সমাজের অসঙ্গতি ও দুর্নীতির চিত্র সামনে আসে। তিনি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের দুর্ভোগের চিত্র সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়েছেন। সাংবাদিকদের আবাসন ব্যবস্থার প্রসঙ্গে তিনি স্মরণ করেন যে, চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাংবাদিকদের আবাসনসহ সকল যৌক্তিক দাবি আদায়ে তিনি সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।