দেশের আর্থিক খাত, বিনিয়োগ পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৮ মে) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় শেষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের এসব কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।
ঈদ কেবল আনন্দ ও উৎসবের দিন নয়, এটি আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টা, দেশপ্রেম এবং সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পবিত্র ঈদের এই দিনে তিনি দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করেন, যাতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রা আরও বেগবান হয়। পাশাপাশি দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।