স্টাফ রিপোর্টার: গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এটি গণবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধহীনতার প্রমাণ। ইতিমধ্যেই বিপুল মুনাফা অর্জনকারী গ্যাসট্রান্সমিশন কোম্পানি লিমিডেট-জিটিসিএলের গ্যাস সঞ্চালন চার্জ বাড়ানোর প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আলাল বলেন, মাত্র ৮/৯ মাস আগে সকল ক্ষেত্রে গ্যাসের মূল্য একবার বৃদ্ধি করা হলো। বিইআরসির আইনানুযায়ী এক বছরেরও কম সময়ে এ প্রস্তাব বেআইনি তথা আইন লঙ্ঘন।
তিনি বলেন, প্রস্তাবিত গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে, সে বিষয়ে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ সমীক্ষা না করে দাম বাড়ানো হবে চরম খামখেয়ালিপনা। এই সিদ্ধান্ত জনগণের জীবনযাত্রায় মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই নেমে আসবে।
গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাবনা প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর ২০১৫ ইন্ডাস্ট্রি ক্যাপটিভ শতকরা ১০০ ভাগ বৃদ্ধি, দুই চুলা ৪৫০ থেকে ৬৫০ টাকা, এক চুলার বিল ৪০০ থেকে ৬০০ টাকা করা হয়। বর্তমান প্রস্তাবে দুই চুলা ১২০০, এক চুলা ১০০০ টাকা, যানবাহনে ব্যবহৃত সিএনজির প্রতি ইউনিট ৫৮ টাকা, অন্যান্য ক্ষেত্রে শতকরা ১০ ভাগ থেকে ৩০ ভাগ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে।
আলাল বলেন, ২০১৮ এর শুরু থেকে এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি শুরু হলে গ্যাসের ক্রয়মূল্য আরো বাড়বে, এ কারণে আগাম প্রস্তাব। এক বছর ধরে জ্বালানি তেলের দাম সারা বিশ্বে ক্রমাগত কমতে থাকলেও বাংলাদেশে সেটা সমন্বয় করা হয়নি, অথচ দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে গ্যাসের দাম।
তিনি প্রশ্ন তোলেন, এলএনজির জন্য জনগণ বর্ধিত মূল্য বহন করবে কেন? জিটিসিএল বর্তমানে ৪০০ কোটি টাকা বছরে মুনাফা করছে। এ প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী বছরে ৪ লাখ টাকা বাড়তি বোনাস নিচ্ছে। আমরা মনে করি-ইতিমধ্যেই বিপুল মুনাফা অর্জনকারী কোম্পানির গ্যাস সঞ্চালন চার্জ বাড়ানোর প্রয়োজন নেই।
আলাল বলেন, তিতাসের পক্ষে ব্যাংকে এফডিআর এর পরিমাণ ৫০০০ কোটি টাকার ওপরে। শেয়ার মার্কেটে তিতাস ইতিমধ্যেই ব্যবসা করে প্রচুর তহবিল সংগ্রহ করেছে। সেখানেও প্রতি বছর মুনাফা বাড়ছে, তাহলে কেন এই প্রস্তাব? পুনরায় গ্যাসের দাম বাড়ানো হলে রপ্তানি বাণিজ্যেও সমস্যা দেখা দেবে, যা গোটা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। সরকার যদি জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে বেসরকারি কোম্পানির মতো শুধু মুনাফার দিকেই ঝুঁকে পড়ে সেটা গণবিচ্ছিন্নতারই প্রমাণ বহন করে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, গ্যাস সঞ্চালন লাইনের কাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, অজস্র অবৈধ সংযোগের মাধ্যমে সিস্টেম লসের নামে যে লুটপাট চলছে, সেখানে সরকারি দলের নেতাদের রাশ টেনে ধরতে পারলে এই মূল্য বৃদ্ধি প্রস্তাবের প্রয়োজনই পড়বে না।
আলাল বলেন, বিইআরসির একজন কর্মকর্তা গণশুনানিতে ইতিমধ্যেই বলেছেন, সরকারের পরামর্শ ও নির্দেশনায় এ মূল্য বৃদ্ধির প্রস্তাব তারা আনয়ন করেছেন। তাহলে বিইআরসির যে বিধিবদ্ধ বিচারকের দায়িত্ব সেই দায়িত্ববোধ কোথায় গেল? রাষ্ট্রের সকল গণমুখী প্রতিষ্ঠানকে সরকারের সুবিধাভোগী অংশের ইঙ্গিত ও নির্দেশনায় এভাবে পরিচালিত করলে সাধারণ মানুষ কোথায় যাবে?
সরকার যদি ন্যূনতম জীবনমান ধারণের বেলায়ও জনগণকে দুর্দশায় ফেলে শুধু মুনাফাখোরই হয়, তাহলে সাধারণ মানুষ বাধ্য হয়ে একদিন রাস্তায় নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জয়ন্তু কুমার কুণ্ডু, এম এ আউয়াল, জামাল আহমেদ মজুমদার, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।