আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সুষ্ঠুভাবে উদযাপনের নিমিত্ত ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকল্পে অগ্রিম টিকিট ১৩ মে থেকে এবং ফেরত যাত্রার টিকেট ২১ মে থেকে শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে। একইসঙ্গে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ মে) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের নিমিত্ত ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও কালোবাজারি প্রতিরোধসহ সার্বিক বিষয়ে প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
ঈদযাত্রা অগ্রিম টিকিট ১৩ মে থেকে এবং ফেরত যাত্রার টিকেট ২১ মে থেকে শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে।
১৩ মে বিক্রয় করা হবে ২৩ মে তারিখে যাত্রার টিকেট। অনুরূপভাবে পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ এবং ১৭ তারিখ বিক্রয় করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬ এবং ২৭ তারিখে যাত্রার টিকেট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ এবং ২৫ মে বিক্রয় করা হবে যথাক্রমে ৩১ মে, ০১, ০২, ০৩ এবং ০৪ জুন তারিখে যাত্রা টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ এবং ৩০ মে ২০২৬ তারিখের টিকেট বিক্রয় করা হবে।
সম্প্রতি রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ডিএমপি কমিশনার মো. সরওয়ার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।