বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার অ্যাপেল শুরু করছে সৌর শক্তি বিক্রির ব্যবসা। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নিজেদের সৌরশক্তি প্রকল্পে উৎপন্ন শক্তি বিক্রির অনুমোদন পেয়েছে এই প্রতিষ্ঠানটি।
বিবিসি জানায়, ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার মনটারি কাউন্টিতে ২ হাজার ৯০০ একর এলাকা জুড়ে ৮৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ১৩০ মেগাওয়াট সৌর শক্তি উৎপাদনে সক্ষম অ্যাপলের এ প্রকল্পে উৎপন্ন শক্তি ওয়াশিংটন ডিসি-এর নীতিনির্ধারকেরা বৃহস্পতিবার বাজারমূল্যে বিক্রির অনুমোদন দেন ।
অ্যাপল জানায়, এ প্রকল্পে উৎপন্ন শক্তি দিয়ে এ অঞ্চলে অবস্থিত দোকান, অফিস ও তথ্যকেন্দ্রসহ মোট ৬০ হাজার ভবনের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের মাধ্যমে কার্বন নির্গমনের মাত্রা কমানোই এ প্রকল্পের আসল উদ্দেশ্য বলে জানায় প্রতিষ্ঠানটি।
রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন-এর প্রধান নীতিনির্ধারক জেমস কোর্ট অ্যাপলের এ প্রকল্পের প্রশংসা করে বলেন, ‘একটি গ্যাস পাওয়ার স্টেশন যেখানে ২০০ থেকে ৪০০ মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম, সেখানে অ্যাপলের এ ক্ষমতা যথেষ্ট।’
অ্যাপল ছাড়াও আরও কিছু নেতৃস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান পুনঃব্যবহারযোগ্য শক্তি নিয়ে কাজ করছে। ২০১৫ সালের জুনে গুগল সুইডেন ও নরওয়ের দুটি উইন্ড ফার্ম থেকে ২৩৬ মেগাওয়াট এনার্জি ক্যাপাসিটি কিনে নেয়। এ বছরের ফেব্রুয়ারিতে মাইক্রোসফট ফ্যাসিলিটির তাপমাত্রা কমানোর সময় শক্তির শোষণ কমাতে সমুদ্র তলদেশবর্তী তথ্যকেন্দ্র নিয়ে গবেষণা চালানোর ঘোষণা দেয়।