নিরাপদভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানের ওপর পরিকল্পিত বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি সতর্ক করেছিলেন, তেহরান দাবি না মানলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যদি ইরান দ্রুত ও নিরাপদভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে।
ট্রাম্প তার বার্তায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির তার সঙ্গে আলোচনায় হামলা স্থগিত রাখার অনুরোধ করেন। তিনি পাকিস্তানকে এই সমঝোতার জন্য ধন্যবাদ জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, একটি সাময়িক সমঝোতা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক পদক্ষেপ স্থগিত রাখবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনা ইতিবাচকভাবে এগোলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। আগামী সপ্তাহগুলোতে ইসলামাবাদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর ইরান এই প্রণালীতে চলাচল বন্ধ করে দেয়, ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।
বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক স্থগিতাদেশ নতুন কিছু প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অতীতে লেবাননে হিজবুল্লাহ-সহ আঞ্চলিক বিভিন্ন শক্তিকে কেন্দ্র করে সংঘাতের অভিজ্ঞতা রয়েছে।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্র্যাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারে, তবে এর রাজনৈতিক মূল্য থাকতে পারে।
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থন ছাড়া ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতে টিকে থাকা ইসরায়েলের জন্য কঠিন হতে পারে।
মার্চের শেষ দিক থেকেই ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দিয়ে আসছিলেন। ২৩ মার্চ তিনি প্রথমে পাঁচ দিনের জন্য হামলা স্থগিত করেন এবং পরে তা এপ্রিলের শুরু পর্যন্ত পিছিয়ে দেন। সর্বশেষ ঘোষণার মাধ্যমে আরও দুই সপ্তাহ সময় পাওয়া গেল আলোচনার জন্য।
বিশ্লেষকদের মতে, এই সময়ের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল রয়ে গেছে।