নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের ফুটবলারদের যুক্তরাষ্ট্রের সদ্য চালিত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। এতে ওই সব দেশের ফুটবলারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জানিয়েছে আমেরিকার দ্যা অ্যাথলেটিক নামের একটি ক্রীড়া বিষয়ক মিডিয়া। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকার ট্রাম্প প্রশাসন ৫০ টি দেশের নাগরিকদের ওপর ভিসা বন্ড নীতি চালু করেছে। এই সব দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণে ভিসা বন্ড জমা দিতে হবে। তা না হলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এমন ৫০ টি দেশের মধ্যে ৫টি দেশ আছে যারা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। দেশগুলো সব আফ্রিকার। সেনেগাল, আইভরি কোস্ট, কেপ ভার্দে, তিউনেশিয়া, আলজেরিয়া।
ভিসা বন্ডের তালিকায় থাকা পাঁচ দেশের সব কটিকে অবশ্য বিশ্বকাপের শুরুতেই যুক্তরাষ্ট্রে যেতে হবে না। আলজেরিয়া ও কেপ ভার্দের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই মেক্সিকোয়। দ্বিতীয় রাউন্ডে উঠলে তবেই যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার হবে। অন্য দলগুলোর মধ্যে তিউনিসিয়ার গ্রুপ পর্বের একটি এবং সেনেগাল ও আইভরি কোস্টের দুটি করে ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে।
ফিফা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তালিকায় থাকা দেশগুলোর ফেডারেশন কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা যাতে ভিসা বন্ড থেকে অব্যাহতি পায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এমন কোনো অব্যাহতির খবর এখনো পাওয়া যায়নি। বিশ্বকাপে অংশ নিতে এই দেশগুলোর খেলোয়াড়দের বি-১ ও বি-২ ভিসায় আবেদন করতে হবে। আর এই দুই ক্যাটাগরির ভিসায় বন্ড প্রথা চালু করেছে আমেরিকা।